অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের প্রস্তাব বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ‘১১ দলীয় ঐক্য’। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল বিভাগীয় শহরগুলোতে এবং ২ মে জেলা শহরগুলোতে একই ধরনের গণমিছিল আয়োজন করা হবে। একই সময়ে দেশের গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে প্রতিদিন লিফলেট বিতরণ, সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২ মে-পরবর্তী সময়ে বিভাগীয় শহর ও বড় নগরগুলোতে পর্যায়ক্রমে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের ১২টি সিটি কর্পোরেশন এলাকায় বিক্ষোভ সমাবেশ করার পরিকল্পনাও রয়েছে। এসব কর্মসূচিতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন।
সব কর্মসূচি শেষে রাজধানীতে একটি বৃহৎ মহাসমাবেশ আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। মহাসমাবেশের তারিখ পরে ঘোষণা করা হবে।
জোট নেতারা জানান, জুলাই সনদের গণভোটে জনগণের রায় বাস্তবায়ন, জ্বালানি ও সার সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ এবং ব্যাংক খাতের অনিয়ম দূরীকরণের দাবিতে এসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনের আগে জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির শফিকুর রহমান। উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদসহ বিভিন্ন দলের নেতারা।
উল্লেখ্য, জুলাই জাতীয় সনদের আওতায় সংবিধান সংস্কারের ৪৮টি প্রস্তাব বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হয় গত ১২ ফেব্রুয়ারি। এতে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রস্তাব অনুমোদিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম শুরু হয়নি।
এ প্রেক্ষাপটে দাবি আদায়ে রাজপথে সক্রিয় রয়েছে ১১ দলীয় ঐক্য। এর আগে তারা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও গণসংযোগ কর্মসূচিও পালন করেছে।
আর/

