অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক লে. কর্নেল (অব.) আফজাল নাছেরকে আরও ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে চার দফায় তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। সর্বশেষ আদেশসহ এ নিয়ে দুই মামলায় মোট পাঁচ দফায় ১৮ দিনের রিমান্ডে নেওয়া হলো তাকে।
আদালত সূত্রে জানা গেছে, আগের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে এবং আসামিপক্ষ জামিনের পক্ষে শুনানি করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৯ মার্চ রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ধারাবাহিকভাবে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর মাসে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামে এক কর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রীসহ ২৫৬ জনকে আসামি করা হয়েছে।
আর/

