অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
সারা দেশে হামসহ বিভিন্ন রোগের টিকা সংকট, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের দাবিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন।
এতে বলা হয়, সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে গিয়ে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
আবেদনে উল্লেখ করা হয়, সরকারিভাবে টিকা ও সিরিঞ্জের সংকট এবং সময়মতো টিকা সরবরাহে ব্যর্থতার কারণে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এসব তথ্য জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে এবং বিষয়টি তদন্তের দাবি জোরালো হয়েছে।
এতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় পূর্বপ্রস্তুতি ছাড়া পরিবর্তন আনা হয়। স্বাস্থ্য খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও সময়মতো টিকা সংগ্রহ ও বিতরণ নিশ্চিত করা যায়নি, যা সম্ভাব্য অনিয়ম ও দুর্নীতির ইঙ্গিত দেয়।
আবেদনে অভিযোগ করা হয়, হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের দায় রয়েছে বলে বিভিন্ন মহলে মতামত প্রকাশিত হয়েছে। তাই টিকা ক্রয় ও বিতরণ প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আর/

