সোনালি আঁশে নতুন সম্ভাবনা: পাটপণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দিতে রাষ্ট্রপতির আহ্বান

পাটপণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

by ABDUR RAHMAN

পরিবেশবান্ধব পণ্যের ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদাকে কাজে লাগিয়ে পাট ও পাটজাত পণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, “স্বল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন। বিশ্ব এখন টেকসই ও পরিবেশবান্ধব পণ্যের দিকে ঝুঁকছে। এই সম্ভাবনার সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে হবে।”

বিজ্ঞাপন
banner

তিনি পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ ব্যবহারের পরিবর্তে পাটের ব্যাগসহ পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পাটখাতে আধুনিক বিজ্ঞান ও উপযোগী প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।

রাষ্ট্রপতি বলেন, “পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিন। সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ও পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করুন।”

পাটজাত পণ্যে নতুন উদ্ভাবন ও বৈচিত্র্য আনার পাশাপাশি বৈশ্বিক বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, মানসম্মত, নান্দনিক ও ব্যবহারোপযোগী পণ্য তৈরিতে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, “পণ্যের টেকসই মান সংরক্ষণ, নিত্যনতুন ডিজাইন ও ব্যবহার উপযোগিতাকে অগ্রাধিকার নিতে হবে। এই খাতে দক্ষ জনবল সৃষ্টি ও পাটপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।”

তিনি পাটচাষিদের উন্নত প্রযুক্তিনির্ভর উচ্চফলনশীল চাষপদ্ধতি অনুসরণ এবং মানসম্মত আঁশ উৎপাদনে মনোযোগ দেওয়ারও আহ্বান জানান।

রাষ্ট্রপতি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্ভাবন, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা, শিল্পের আধুনিকীকরণ এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে দেশ-বিদেশে বাজার সম্প্রসারণে সরকারি-বেসরকারি সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হলে পাটখাতে আবারও সুদিন ফিরে আসবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভার্চুয়ালি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নয় দিনব্যাপী ‘পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা’র উদ্বোধন করেন। পাটখাতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সময় ১৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব বিলকিস জাহান রিমি, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নূরুল বাসির এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ