গণমাধ্যমে নতুন দিশা, স্বাধীনতা ও জবাবদিহিতার ভারসাম্যে সংস্কারের ঘোষণা

by ABDUR RAHMAN

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। জনগণের অবাধ তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার একটি সুস্পষ্ট ও কার্যকর কাঠামো নির্ধারণ করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

মন্ত্রী জানান, গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক ও সময়োপযোগী কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হওয়ার সময় বর্তমানের মতো ডিজিটাল ও অনলাইনভিত্তিক গণমাধ্যমের বিস্তার ছিল না। প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় গণমাধ্যমে যে ব্যাপক পরিবর্তন এসেছে, তার সঙ্গে তাল মিলিয়ে নীতিমালা ও ব্যবস্থাপনায় সংস্কার আনা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিভিত্তিক ইকোসিস্টেমের সঙ্গে আমাদের গণমাধ্যম এখনো পুরোপুরি সমন্বিত হতে পারেনি। ফলে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। এ বাস্তবতায় নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার বিষয়েও গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। তার ভাষায়, স্বাধীনতা ও জবাবদিহিতা একে অপরের পরিপূরক। এমন একটি পরিবেশ গড়ে তোলা হবে, যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং একইসঙ্গে পেশাগত মানদণ্ড ও নৈতিকতা বজায় থাকবে।

বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে সৃষ্ট মনোমালিন্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো পুরোপুরি অবহিত নন। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে প্রয়োজন হলে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) তহবিল থেকে ৬১ জন ক্ষতিগ্রস্তের মধ্যে মোট ২ কোটি ১৭ লাখ টাকার অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ