মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প একটি ইসরায়েলি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আবারও স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) সংক্রান্ত বিতর্ক সামনে এসেছে।
আরবভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দেড় বিলিয়ন ডলারের একটি চুক্তির আওতায় ইসরায়েলি ড্রোন কোম্পানি এক্সটেন্ড এবং যুক্তরাষ্ট্রের নির্মাণপ্রতিষ্ঠান জেএফবি কনস্ট্রাকশন হোল্ডিংস–এর একীভূতকরণ প্রক্রিয়ায় বিনিয়োগ করছেন এরিক ট্রাম্প। এই চুক্তির মূল লক্ষ্য হলো চলতি বছরের মধ্যেই এক্সটেন্ডকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা।
প্রতিবেদন অনুযায়ী, এক্সটেন্ডের তৈরি ড্রোন ইসরায়েলি বাহিনী গাজায় ব্যবহার করেছে। এর মধ্যে ভূগর্ভস্থ সুড়ঙ্গের মানচিত্র তৈরির কাজও রয়েছে। কোম্পানিটি ইতোমধ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে কয়েক মিলিয়ন ডলারের একাধিক চুক্তি পেয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ডিসেম্বরে স্বাক্ষরিত ৮ দশমিক ৮ মিলিয়ন ডলারের একটি চুক্তিও উল্লেখযোগ্য।
এছাড়া সম্প্রতি এক্সটেন্ডকে পেন্টাগনের ‘ড্রোন ডমিন্যান্স প্রোগ্রাম’-এর জন্য নির্বাচিত ২৫টি প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য কম খরচে যুদ্ধোপযোগী ড্রোন দ্রুত উৎপাদন করা।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এরিক ট্রাম্প বলেন, ‘ড্রোন ভবিষ্যতের প্রয়োজন। এক্সটেন্ডে বিনিয়োগ করতে পেরে আমি গর্বিত।’
তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলের মতে, প্রেসিডেন্টের পরিবারের এমন বিনিয়োগ থেকে জনমনে এ ধারণা তৈরি হতে পারে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
এ বিষয়ে হোয়াইট হাউস, ট্রাম্প অর্গানাইজেশন এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলো এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
সূত্র: ডেইলি জং।
আবুআ/

