সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশের মানুষের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম হলে জামায়াত ১৮ কোটি মানুষের পক্ষে অবস্থান নেবে।”
তিনি জানান, একটি দায়িত্বশীল বিরোধীদল হিসেবে দেশের অগ্রগতি ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে তাদের দল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “রাজনৈতিক অস্থিরতা বা মানবিক সংকটের কারণে জনগণের ক্ষতি হয়—এমন কোনো পরিস্থিতি সরকার বা বিরোধীদল কারও পক্ষ থেকেই সৃষ্টি হতে দেওয়া হবে না। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে বিরোধীদল প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত থাকবে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দল হিসেবে জামায়াত সরকারের প্রতিটি ভালো উদ্যোগে পাশে থাকবে। যেখানে প্রয়োজন, সেখানে যথাযথভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।” তবে এমন পরিস্থিতি সৃষ্টি না হওয়াই সবার কাম্য বলে তিনি উল্লেখ করেন।
তার ভাষ্য অনুযায়ী, বিরোধীদল সরকারের সঙ্গে সহযোগিতামূলক ভূমিকা রাখতে চায়। কিন্তু জাতীয় স্বার্থ বিপন্ন হলে জনগণের পক্ষে জবাবদিহি নিশ্চিত করতে তারা সজাগ থাকবে।
আর/

