নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনার পর আবারও একই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিলস সংলগ্ন কাদির মিয়ার মার্কেটের সামনে ড্রেনের ভেতর দিয়ে যাওয়া গ্যাসলাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের বিকট শব্দে একটি কাপড়ের দোকানে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি একটি চা-পানের দোকানও আগুনে পুড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, সস্তাপুর গাবতলা মোড় থেকে কাস্টমের মোড় পর্যন্ত সড়কের পাশ দিয়ে ড্রেনের মাঝখান দিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর গ্যাসলাইন রয়েছে। দীর্ঘদিন ধরে একাধিক স্থানে লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে। এর ফলে প্রায়ই বিস্ফোরণ ঘটে, যা পথচারী ও আশপাশের বাড়িঘর এবং কলকারখানার জন্য ঝুঁকি তৈরি করছে।
তিতাস গ্যাসের ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুর রহমান জানান, খবর পেয়ে জরুরি টিম পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি একই স্থানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সেলুন মালিক নরসুন্দর মিন্টুসহ পাঁচজন দগ্ধ হন। তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার মিন্টুর মৃত্যু হয়।
আর/

