রামিসা হত্যার বিচার ও শিশু নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি

রামিসা হত্যার দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান ‘কুমিল্লার জমিন পরিবার’-এর

by ABDUR RAHMAN
রামিসা হত্যার বিচার ও শিশু নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কুমিল্লার জমিন পরিবার’।

বিজ্ঞাপন
banner

শনিবার (২৩ মে) কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক মু. রেজা হাসান সংগঠনটির নেতাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, শিশু রামিসা আক্তারের মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই গভীর বেদনা ও উদ্বেগের বিষয়। এ ধরনের নৃশংস ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

সংগঠনটির পক্ষ থেকে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার বিচার সম্পন্ন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানানো হয়।

তাদের মতে, শিশু ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় কঠোর বিচার প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমে আসবে এবং জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা আরও শক্তিশালী হবে।

স্মারকলিপিতে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবিও জানানো হয়। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জামিল আহমেদ খন্দকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, প্রকল্প সংগঠক সৈয়দ আহাম্মদ লাভলু, অর্থ সম্পাদক শাহানা হক, নির্বাহী সদস্য অধ্যক্ষ নার্গিস আক্তার, মাহমুদুল হাসান সজীব, শাহজালাল সরকার আবির, প্রকল্প দলনেতা (পরিবেশ) সুশান্ত পাল, সদস্য শামসুল আলম রাজন, জাহিদ হাসান নাইম এবং দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরানসহ অন্যরা।

উল্লেখ্য, গত ১৯ মে ঢাকার পল্লবীর একটি বাসা থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ