অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ধর্ষণের শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’কে মধ্যযুগীয় আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ বলে মূলত রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। তার মতে, দেশের মুসলিম জনগোষ্ঠী এই মন্তব্যকে চরম অবমাননা হিসেবে দেখছে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সরকারি দলের নীতিনির্ধারকেরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ ও ‘শরিয়া-বিরোধী আইন না করার’ কথা বললেও বাস্তবে শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ আখ্যা দিয়ে হেয় করা হচ্ছে। এটি সরকারের আদর্শিক দ্বিচারিতা ও অবস্থানগত অসংগতি প্রকাশ করে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। একই সঙ্গে ইসলামী শরিয়া আইনের প্রতি অবমাননা প্রদর্শন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
আর/

