ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, জড়িত থাকার কথা অস্বীকার ছাত্রদলের

জুমার নামাজ শেষে ডিম নিক্ষেপ ও সংঘর্ষ; আহতের দাবি এনসিপির, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা

by ABDUR RAHMAN
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একটি পক্ষ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এনসিপির নেতারা অভিযোগ করেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তাদের দাবি, হামলার সময় ইট-পাটকেল নিক্ষেপ ও হকিস্টিক দিয়ে আঘাত করা হয়। এতে অন্তত তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন।

নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ সফরে গিয়ে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পরপরই তারা হামলার শিকার হন। পুলিশের উপস্থিতিতেই এ হামলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, হামলাকারীরা ডিম ও ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি কিল-ঘুষি ও হকিস্টিক দিয়ে আঘাত করে। এ সময় কয়েকটি মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

এদিকে এনসিপির নেতা সারজিস আলম ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ছাত্রদলের সন্ত্রাসীরা অতর্কিতভাবে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে। হামলায় কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, বিএনপির সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারী, তারেক রেজাসহ এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

তবে হামলার ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয় বলে জানিয়েছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদও দাবি করেন, তারা কেবল নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। তার ভাষ্য, স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করেছে, এতে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।

সাহেদ আহম্মেদ আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলায় বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। এ বিষয়ে কথা বলতেই তিনি সেখানে গিয়েছিলেন।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন হামলায় জড়িত। তিনি এই ঘটনার বিচার দাবি করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান। তিনি বলেন, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ