ঈদেও রায়পুরে তীব্র লোডশেডিং: নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ, দুর্ভোগে জনজীবন

ঈদের সময়ও দিনে মাত্র ৪–৬ ঘণ্টা বিদ্যুৎ, কালবৈশাখীর ক্ষতিতে বিপর্যস্ত গ্রামীণ সরবরাহ ব্যবস্থা

by ABDUR RAHMAN
ঈদেও রায়পুরে তীব্র লোডশেডিং

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে রায়পুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২৮ মে) চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় গাছ ও বাঁশের গুঁড়ি ফেলে এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। কোথাও কোথাও ২৪ ঘণ্টার মধ্যে মাত্র চার থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ মিলছে। ঈদের সময়ও এমন পরিস্থিতিতে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ।

বিক্ষোভকারীরা জানান, টানা লোডশেডিংয়ের কারণে অনেক পরিবারের ফ্রিজে সংরক্ষিত খাবার নষ্ট হয়ে গেছে। গরমে শিশু ও বয়স্কদের দুর্ভোগও বেড়েছে।

বিক্ষোভ চলাকালে চাঁদপুরগামী স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া মহাসড়কে আটকা পড়েন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। এরপর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

পরে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, এ উপজেলায় লোডশেডিং সবচেয়ে বেশি হচ্ছে। ঈদের দিনেও বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

এদিকে রায়পুর পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক মোশারফ হোসেন জানান, গত মঙ্গলবারের কালবৈশাখী ঝড়ে ৩৩ কেভিসহ বিভিন্ন লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। বহু খুঁটি ভেঙে গেছে, তার ছিঁড়ে গেছে এবং কয়েকটি ট্রান্সফর্মার নষ্ট হয়েছে। এছাড়া লাইনের ওপর গাছ পড়ে অনেক এলাকায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, রাত ৮টার পর পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হলেও গ্রামাঞ্চলে এখনো পুরোপুরি স্বাভাবিক করা যায়নি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানান তিনি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ