নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় বিএনপির নির্বাচনি ইশতেহারে উল্লেখিত ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম রাসেল ওরফে জিলানী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কাশিপুর ইউনিয়নের নরসিংপুর এলাকায় এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়। কার্ড কিনেও প্রতিশ্রুত পণ্য না পেয়ে ক্ষুব্ধ নারীরা তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মহানগর বিএনপির এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হিসেবে রাজনীতি করেন রাসেল ওরফে জিলানী। নির্বাচনের পরদিন থেকেই তিনি ও তার স্ত্রী নার্গিস ‘জিসান ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে টাকার বিনিময়ে ‘ফ্যামিলি কার্ড’ বিক্রি শুরু করেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে সহজ-সরল নারীদের কাছে ৫০ টাকা করে প্রায় ৩০০টি কার্ড বিক্রি করা হয়।
কার্ডধারীদের জানানো হয়, এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ১,৭২৫ টাকার পণ্য মাত্র ১,২৮৫ টাকায় কেনা যাবে।
সোমবার সকালে প্রথম কিস্তির পণ্য দেওয়ার কথা থাকলেও সকাল গড়িয়ে দুপুর হলেও কোনো পণ্য সরবরাহ করা হয়নি। পরে কার্ড ক্রেতারা বিষয়টি প্রতারণা বলে বুঝতে পেরে একত্রিত হয়ে জিলানীর বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন।
অভিযোগ রয়েছে, কাশিপুরের নরসিংপুর, বকুলতলা, চর কাশিপুর ও মধ্য নরসিংপুর এলাকায় ৫০ টাকা করে নিয়ে তিন শতাধিক কার্ড বিতরণ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, কার্ড ক্রেতাদের বেশিরভাগই নারী ও স্বল্পশিক্ষিত।
কার্ড ক্রেতা জুলেখা বেগম বলেন, “আমাদের বলা হয়েছে সরকারিভাবে কোম্পানি থেকে কার্ড দেওয়া হচ্ছে। সকাল ১০টা থেকে অপেক্ষা করছি। পণ্য দেওয়ার কথা ছিল, কিন্তু এখন ফোনও ধরছে না।”
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, “দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’-এর কথা উল্লেখ থাকলেও এখনো এ কার্যক্রম শুরু হয়নি।” তিনি বলেন, “একটি প্রতারক চক্র কার্ড ছাপিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।”
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন আহমেদ জানান, বিষয়টি তার জানা ছিল না। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আর/

