‘ভাই’ সম্বোধনে সাংবাদিকের ওপর ক্ষুব্ধ কুড়িগ্রামের এসিল্যান্ড

নিজেকে ‘সাধারণ মানুষ নন’ দাবি, ঘটনাকে ঘিরে আলোচনা-সমালোচনা

by ABDUR RAHMAN

কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামকে ‘ভাই’ সম্বোধন করায় এক সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সেদিন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিল। পরিদর্শনে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন এসিল্যান্ড আরিফুল ইসলাম। এ সময় সাংবাদিক জুয়েল রানা তেলের সরবরাহ সংক্রান্ত তথ্য জানতে চাইলে তাকে ‘ভাই’ সম্বোধন করে কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই কর্মকর্তা।

তিনি বলেন, “ভাই কেন বললেন? এতে সাধারণ মানুষ ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।”

ভুক্তভোগী সাংবাদিক জুয়েল রানা জানান, তিনি তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন। ‘ভাই’ সম্বোধন করতেই এসিল্যান্ড ক্ষুব্ধ হয়ে তাকে জনসমক্ষে বিব্রত করেন এবং কথা বলার সুযোগ দেননি।

তার দাবি, ‘স্যার’ না বলার কারণেই এমন আচরণ করা হয়েছে, যদিও এ ধরনের সম্বোধনের কোনো বাধ্যবাধকতা নেই।

পরে বিষয়টি জানতে এসিল্যান্ড আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ক্ষোভ প্রকাশ করেন এবং এ বিষয়ে স্পষ্ট কোনো জবাব না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ এলাকায় গোপনে গাছ নিলামের অভিযোগেও সমালোচনায় রয়েছেন এই কর্মকর্তা।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ