ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ক্রেমলিনের পাঠানো শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, “আমি আত্মবিশ্বাসী যে মোজতবা খামেনি “সম্মানের সাথে” তার বাবার কাজ চালিয়ে যাবেন এবং “কঠিন পরীক্ষার মুখেও” ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন।”
পুতিন আরও বলেন, “রাশিয়া তেহরানের পাশে থাকবে। এছাড়াও তেহরানের প্রতি অটল সমর্থন এবং সংহতি নিশ্চিত করবো।”
তার মতে, নতুন নেতৃত্বের অধীনে ইরান কঠিন সময়েও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য, মোজতবা খামেনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান। তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের পর আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
তবে এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড জানিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগত আলাপে তাকে বলেছেন—ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করায় তিনি খুশি নন। যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে বিস্তারিত কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট।
আর/

