নারায়ণগঞ্জে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

by ABDUR RAHMAN

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ প্রায় সাত লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় গৃহকর্তার ছেলে আহত হয়েছেন। হাজী সিরাজ মিয়া (৪৫) ফজলু হকের ছেলে এবং পেশায় একজন মৎস্য ব্যবসায়ী।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১ টার দিকে আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় হাজী সিরাজ মিয়ার বসতবাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

ভুক্তভোগী হাজী সিরাজ মিয়া জানান, ঘটনার সময় পরিবারের সবাই জেগে ছিলেন। হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাতরা একে একে বাড়ির সাতটি দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

তিনি আরও জানান, ডাকাতরা ঘরের বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক সাত লাখ টাকা এবং ওয়াল কেবিনেটে সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় বাধা দিতে গেলে হাজী সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ