চীন-রাশিয়ার যৌথ বিবৃতিতে সামরিক পদক্ষেপের সমালোচনা, বিশ্বব্যবস্থা নিয়ে কড়া বার্তা

যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের পরোক্ষ ইঙ্গিতসহ ‘নতুন আন্তর্জাতিক ব্যবস্থা’র ইঙ্গিত দিলেন শি জিনপিং ও পুতিন

by ABDUR RAHMAN
চীন-রাশিয়ার যৌথ বিবৃতিতে সামরিক পদক্ষেপের সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

চীন ও রাশিয়া তাদের সর্বশেষ যৌথ বিবৃতিতে বিশ্বজুড়ে বিভিন্ন সামরিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে। বিশ্লেষকদের মতে, এতে গত ছয় মাসে ইরান ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের পরোক্ষ ইঙ্গিত থাকতে পারে।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন এমন সব কর্মকাণ্ডের নিন্দা জানান, যেখানে অন্য দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতাপূর্ণ সামরিক হামলা, ভণ্ডামিপূর্ণভাবে আলোচনার আড়ালে হামলার প্রস্তুতি এবং রাষ্ট্রীয় নেতাদের লক্ষ্য করে সহিংসতার অভিযোগ রয়েছে।

তারা আরও বলেন, সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা, শাসন পরিবর্তনের উসকানি এবং রাষ্ট্রীয় নেতাদের অপহরণ বা বিচারের মুখোমুখি করার মতো কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

চীন ও রাশিয়ার মতে, এসব পদক্ষেপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করছে এবং আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালাকে দুর্বল করে দিচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে দুই দেশ বর্তমান বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রতি পরোক্ষ সমালোচনা করেছে।

বিশ্ব রাজনীতিতে পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে শি জিনপিং ও পুতিন নিজেদেরকে একটি সম্ভাব্য নতুন আন্তর্জাতিক ব্যবস্থার অগ্রদূত হিসেবে উপস্থাপন করছেন বলেও মনে করা হচ্ছে।

এর আগে চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। বাণিজ্য, প্রযুক্তি, মেধাস্বত্ব এবং বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আরও প্রায় ২০টি চুক্তির প্রস্তুতির কথাও জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর শি জিনপিং বলেন, দুই দেশের সম্পর্ক এখন সর্বোচ্চ স্তরের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে এবং এটি একটি ‘নতুন সূচনা বিন্দুতে’ দাঁড়িয়ে আছে।

তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রেও দুই দেশ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

সূত্র: বিবিসি বাংলা

banner

এ জাতীয় আরো সংবাদ