রামিসা হত্যাকাণ্ডে ক্ষুব্ধ ছাত্রশিবির, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি

পল্লবীতে শিশু রামিসাকে নির্যাতনের পর হত্যার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করল ছাত্রশিবির

by ABDUR RAHMAN
রামিসা হত্যাকাণ্ডে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি ছাত্রশিবিরের

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে নির্মমভাবে যৌন নির্যাতন ও বিকৃত উপায়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বিজ্ঞাপন
banner

বুধবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, সাত বছর বয়সী শিশু রামিসার ওপর সংঘটিত নৃশংসতা পুরো জাতিকে স্তম্ভিত করেছে। পুলিশের প্রাথমিক তথ্যে উঠে এসেছে, শিশুটিকে বিকৃত যৌন নির্যাতনের পর অপরাধ আড়াল করতে মরদেহ খণ্ডিত ও গুমের চেষ্টা করা হয়।

শিবির নেতারা বলেন, এ ধরনের পাশবিকতা কোনো সভ্য সমাজের প্রতিচ্ছবি হতে পারে না। বরং এটি দেশে নৈতিক অবক্ষয় ও বিচারহীনতার ভয়াবহ চিত্রকে সামনে নিয়ে এসেছে।

তারা অভিযোগ করেন, রামিসার হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সিলেট, নেত্রকোনা ও নরসিংদীতে ঘটে যাওয়া কয়েকটি সাম্প্রতিক ঘটনাও তারা বিবৃতিতে উল্লেখ করেন।

মানবাধিকার সংস্থার তথ্য তুলে ধরে নেতারা জানান, ২০২৬ সালের প্রথম চার মাসে দেশে ৭৭৬ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া অন্তত ৮১ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে বলেও দাবি করা হয়।

তাদের ভাষ্য, এসব ঘটনায় তিন শতাংশেরও কম অপরাধীর সাজা হওয়া দেশে বিচারহীনতার সংস্কৃতিকে আরও শক্তিশালী করেছে। ঘর, বাইরে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান—কোথাও নারী ও শিশুরা নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তারা।

বিবৃতিতে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কঠোর সমালোচনা করে বলা হয়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।

নেতারা আরও বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষক ও খুনিরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

ছাত্রশিবিরের পক্ষ থেকে গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাসহ হত্যাকাণ্ডে জড়িত সকলের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

একই সঙ্গে নিহত শিশু রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ গঠনে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় সংগঠনটি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ