অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রাজধানীতে শিশু রামিশাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে দেশজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধেও প্রতিবাদ জানাবে দলটি।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত থাকবেন। এছাড়া কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরাও অংশ নেবেন।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন। গণমাধ্যমকে তিনি জানান, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
তিনি বলেন, শিশু রামিশা হত্যার ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জামায়াত নেতারা দাবি করেছেন, দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে বলেও দলীয় সূত্রে জানা গেছে।
আর/

