চলতি বছরের হজে আরাফাতের খুতবা দেবেন শায়খ আলী আল-হুযাইফি

বাদশাহ সালমানের রাজকীয় অনুমোদন; মসজিদে নববীর প্রবীণ ইমামই এবারের আরাফার খতিব

by ABDUR RAHMAN
চলতি বছরের হজে আরাফাতের খুতবা দেবেন শায়খ আলী আল-হুযাইফি

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

চলতি বছরের পবিত্র হজে আরাফাতের ময়দানে খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুযাইফি।

বিজ্ঞাপন
banner

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের রাজকীয় অনুমোদনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন।

আগামী ৯ জিলহজ, অর্থাৎ হজের মূল দিনে আরাফাতের ময়দানে অবস্থিত ঐতিহাসিক মসজিদে নামিরাহ থেকে তিনি হজের খুতবা প্রদান করবেন। একইসঙ্গে জোহর ও আসরের নামাজেও ইমামতি করবেন।

আরাফাতের দিন প্রদত্ত এই খুতবা হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসল্লির উদ্দেশে দেওয়া এ খুতবা মুসলিম উম্মাহর জন্য আধ্যাত্মিক দিকনির্দেশনা বহন করে।

সৌদি সরকার প্রতি বছরের মতো এবারও আরাফাতের খুতবা বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে, যাতে বিশ্বের মুসলমানরা সহজেই এর বার্তা বুঝতে পারেন।

শায়খ আলী আল-হুযাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পরে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন তিনি।

১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৮১ সালের রমজানে মসজিদুল হারামেও তারাবির নামাজে ইমামতি করেন তিনি।

এছাড়া ১৯৮৭ সালে কিছু সময়ের জন্য ঐতিহাসিক কুবা মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন শায়খ আলী আল-হুযাইফি। তার সুললিত ও হৃদয়গ্রাহী কুরআন তেলাওয়াত মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখ ‘ইয়াওমে আরাফা’ নামে পরিচিত। এদিন আরাফাতের ময়দানে অবস্থান হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হিসেবে গণ্য করা হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ