নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
রাজধানীতে জুলাই আন্দোলনে শহীদ ও আহত হলেও দীর্ঘদিন ধরে স্বীকৃতি ও সহায়তা থেকে বঞ্চিত শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে পাঁচটি শহীদ পরিবার ও সাতজন আহত ব্যক্তির মাঝে ৭ লক্ষাধিক টাকা নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন আল্লামা মামুনুল হক। সহায়তা কার্যক্রমকে ঘিরে শহীদ পরিবারগুলোর মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট একজন জানান, প্রথমদিকে বিষয়টিকে সাধারণভাবেই নেওয়া হয়েছিল। কারণ বিভিন্ন সময় সহায়তার আশ্বাস মিললেও বাস্তবে খুব কম মানুষই এগিয়ে আসেন। তবে যোগাযোগের অল্প কিছুদিনের মধ্যেই তাগলীবে দ্বীন ফাউন্ডেশন আন্তরিকতার সঙ্গে কার্যকর উদ্যোগ গ্রহণ করে এবং দ্রুত সহায়তা পৌঁছে দেয়।
তিনি বলেন, “সংসদে না থেকেও জুলাই ও জনতার প্রতি এমন দরদ, দায়িত্ববোধ ও মানবিকতা সত্যিই প্রশংসনীয়। আলহামদুলিল্লাহ, পরিবারগুলো অন্তত কিছুটা স্বস্তি পেয়েছে।”
সহায়তা পাওয়া শহীদদের মধ্যে রয়েছেন—
১. শহীদ নাহিদ — স্বীকৃতি পেলেও কোনো আর্থিক সহায়তা পাননি।
২. শহীদ নূর মোস্তফা — স্বীকৃতি ও সহায়তা কোনোটিই পাননি।
৩. শহীদ মুন্না — স্বীকৃতি ও সহায়তা কোনোটিই পাননি।
৪. শহীদ হৃদয় — স্বীকৃতি ও সহায়তা কোনোটিই পাননি।
৫. শহীদ সাব্বির — স্বীকৃতি পেলেও আর্থিক সংকটে ছিলেন।
এছাড়াও জুলাই আন্দোলনে আহত সাতজন ব্যক্তিকেও নগদ সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা থেকে বঞ্চিত পরিবারগুলোর পাশে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ ও সংগঠন এগিয়ে এলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

