নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
শিক্ষার্থীদের যুগোপযোগী, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমধর্মী ‘ছায়া সংসদ’র আয়োজন করেছে জামিয়া মুহিউস সুন্নাহ ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত কওমি মাদরাসাটির এ আয়োজন ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।
সোমবার (১৮ মে) মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীরা সরকার ও বিরোধী দলের ভূমিকায় অংশ নিয়ে দেশের উন্নয়ন, নীতি, জনস্বার্থ ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন।
আয়োজনে একদল শিক্ষার্থী সরকারদলীয় এমপি ও মন্ত্রীদের ভূমিকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও নীতির পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। অন্যদিকে বিরোধী দলের ভূমিকায় থাকা শিক্ষার্থীরা গঠনমূলক সমালোচনা ও বিকল্প প্রস্তাব উপস্থাপন করেন।
পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের শালীন, তথ্যভিত্তিক ও পরিমিত বক্তব্য উপস্থিত অতিথি ও শিক্ষকদের প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠান শেষে বক্তব্য দেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম মাছুম বিল্লাহ মাহমুদী। তিনি বলেন, “এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়; বরং শিক্ষার্থীদের চিন্তা, গবেষণা, নাগরিক সচেতনতা ও যুক্তিবোধ বিকাশের একটি শিক্ষামূলক প্রয়াস।”
তিনি আরও বলেন, “ইসলাম সত্য ও ইনসাফের কথা বলতে শেখায়। ভবিষ্যতে এসব শিক্ষার্থীই আলেম, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।”
ছায়া সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন মাদরাসার মুহাদ্দিস রিদওয়ান হাসান। আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী উপস্থাপনা ও যুক্তিনির্ভর আলোচনাকে কওমি শিক্ষাঙ্গনে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

