অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬২ হাজার ৫২৮ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (১৮ মে) প্রকাশিত বুলেটিনে বলা হয়, বাংলাদেশ থেকে মোট ১৬১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি ফ্লাইটে সবচেয়ে বেশি ৩২ হাজার ৫০৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এছাড়া সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ১৬১ জন বাংলাদেশি হজযাত্রী জেদ্দায় পৌঁছান। অন্যদিকে ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে আরও ৮ হাজার ৮৫৯ জন হজ পালন করতে সৌদি আরবে গেছেন।
ধর্ম মন্ত্রণালয়, বাংলাদেশ হজ অফিস ঢাকা, এয়ারলাইনস এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের তথ্যের ভিত্তিতে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক এসব তথ্য প্রকাশ করেছে।
এদিকে চলতি বছর হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন নারী।
বুলেটিনে আরও জানানো হয়, মৃতদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জন মারা গেছেন। তবে জেদ্দা, মিনা, আরাফা কিংবা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।
হজযাত্রী পরিবহনের কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে। অন্যদিকে হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে ৩০ জুন।
আর/

