১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে ‘দলীয়করণের’ অভিযোগে জামায়াতে ইসলামীর প্রতিবাদ

যোগ্যতা ও নিরপেক্ষতার বদলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়েছে—অভিযোগ মিয়া গোলাম পরওয়ারের

by ABDUR RAHMAN
১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে দলীয়করণের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রতিবাদ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে ঘিরে ‘দলীয়করণের’ অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ নিয়োগের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, এসব নিয়োগে যোগ্যতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জনগণের মধ্যে ধারণা তৈরি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এভাবে দলীয় প্রভাব বিস্তারের সংস্কৃতি চালু হওয়া উদ্বেগজনক। তার মতে, বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রশাসনিক পদে নিয়োগে স্বচ্ছতা ও একাডেমিক যোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত।

বিবৃতিতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্র। সেখানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হলে শিক্ষার পরিবেশ ব্যাহত হয় এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি হয়। অতীতেও এ ধরনের দলীয়করণের কারণে শিক্ষা ব্যবস্থায় অস্থিরতা ও সেশনজট দেখা দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও দাবি করেন, সরকারের বিভিন্ন সিদ্ধান্তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে দলীয় নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। তার মতে, এটি গণতন্ত্র ও জবাবদিহিমূলক ব্যবস্থার জন্য অশনিসংকেত।

তিনি জানান, এর আগেও ৪২টি জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগের ঘটনায় দলটি উদ্বেগ প্রকাশ করেছিল। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

বিবৃতির শেষাংশে মিয়া গোলাম পরওয়ার ভিসি নিয়োগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ