আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে ক্রেমলিন।
বৃহস্পতিবার (১৪ মে) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রুশ প্রেসিডেন্ট খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন এবং এ সফরের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
এমন সময় এই ঘোষণা এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ার অন্যতম প্রভাবশালী রাষ্ট্র চীন সফর করছেন। ট্রাম্পের সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, তাইওয়ান ইস্যু, ইরান পরিস্থিতিসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়েছে বলে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
তবে ট্রাম্প ও শি জিনপিংয়ের আলোচনায় ইউক্রেইন যুদ্ধ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, গত কয়েক বছরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ৪০ বারের বেশি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বরেও বেইজিংয়ে দুই নেতার সাক্ষাৎ হয়।
বিশ্লেষকদের মতে, ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার জন্য চীন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে চীন ও রাশিয়া ‘সীমাহীন কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তিতে স্বাক্ষর করে। ওই চুক্তির তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে মস্কো।
বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে ট্রাম্পের চীন সফর এবং একই সময়ে পুতিনের সম্ভাব্য বেইজিং সফর আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সূত্র: রয়টার্স
আর/

