“উন্নয়নের নামে লুটপাট আর নয়, জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে” – এমপি শাহজাহান চৌধুরী

লোহাগাড়ায় ১ কোটি ২১ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন; অনিয়ম ও কমিশন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

লোহাগাড়া উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে প্রায় ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত মজিদের পাড়া সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি শাহজাহান চৌধুরী বলেন, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ ও কমিশন বাণিজ্যের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করাই বর্তমান সময়ের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং যোগাযোগ ব্যবস্থা অবহেলিত ছিল। নির্বাচিত হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই এসব খাতে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

এমপি শাহজাহান চৌধুরী দাবি করেন, বর্তমান উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন। উন্নয়নের সুফল যাতে প্রত্যন্ত গ্রামের মানুষও পায়, সেজন্য প্রতিটি ইউনিয়নে আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আগে অনেক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজ, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ছিল। এখন থেকে কোনো ঠিকাদার বা কর্মকর্তা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হবে।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বাস্তবায়িত এই সড়ক প্রকল্পটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী দ্রুত কাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডি’র লোহাগাড়া উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আবদুচ্ছ সালাম, লোহাগাড়া ইউনিয়ন আমির মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, কলাউজান ইউনিয়ন আমির ডা. সিদ্দীক আহমদ এবং ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সড়ক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়িত হলে জনদুর্ভোগ কমবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ