অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলয় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে মাওলানা আবুল কাশেম নামে এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম স্থানীয় আবদুস সোবহানের ছেলে এবং চরম্বা জামিউল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়দের কাছে তিনি ধর্মীয় শিক্ষক হিসেবেও পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিরোধপূর্ণ একটি পুকুর ও জমি নিয়ে আবুল কাশেমের সঙ্গে তার চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে প্রতিপক্ষরা সেখানে জোরপূর্বক মাটি ভরাট ও ঘর নির্মাণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।
প্রথমে নিহতের বোন সখিনা খাতুন বাধা দিতে গেলে তাকে মারধরের অভিযোগ ওঠে। খবর পেয়ে মাদ্রাসা থেকে দ্রুত বাড়িতে ফিরে আসেন আবুল কাশেম। পরে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, এ সময় প্রতিপক্ষের কয়েকজন সদস্য গাছের গুঁড়ি ও লাঠি দিয়ে আবুল কাশেমের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন সখিনা খাতুন, শাহ আলম ও হারুনুর রশিদ। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে মো. ফোরকান অভিযোগ করেন, তার বাবাকে পরিকল্পিতভাবে হামলা করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং ঘটনার দিন প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ একজনকে আটক করেছে। লোহাগারা থানার কর্মকর্তারা জানিয়েছেন, জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকায় জমি সংক্রান্ত বিরোধ দিন দিন সহিংস রূপ নিচ্ছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জমি দখল ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও বেড়েছে বলে তারা উল্লেখ করেন।
আর/

