আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে নির্মাণের পরিকল্পনা করা ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার’ প্রকল্প শেষ পর্যন্ত বাতিল হয়েছে। প্রায় ১.৫ বিলিয়ন ডলারের এই উচ্চাভিলাষী প্রকল্প থেকে সরে এসেছে স্থানীয় ডেভেলপার আলটাস প্রপার্টি গ্রুপ। প্রতিষ্ঠানটির দাবি, বর্তমান আন্তর্জাতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে ট্রাম্প ব্র্যান্ড অস্ট্রেলিয়ায় নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।

মাত্র তিন মাস আগে প্রকল্পটির ঘোষণা দেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, সার্ফার্স প্যারাডাইস এলাকায় ৯১ তলা বিশিষ্ট ভবন নির্মাণের কথা ছিল, যা বাস্তবায়িত হলে এটি হতো অস্ট্রেলিয়ার সবচেয়ে উঁচু ভবন। সেখানে ফাইভ স্টার হোটেল, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, শপিং প্লাজা এবং পর্যটন সুবিধা রাখার পরিকল্পনা ছিল।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার মার-এ-লাগোতে বৈঠক করেন এরিক ট্রাম্প এবং আলটাস প্রপার্টি গ্রুপের প্রধান নির্বাহী ডেভিড ইয়ং। এরপর সামাজিক মাধ্যমে ট্রাম্প ব্র্যান্ডকে “বিলাসিতা ও গুণগত মানের প্রতীক” উল্লেখ করে প্রকল্পটির ঘোষণা দেওয়া হয়।
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রকল্পটি ঘিরে বিতর্ক বাড়তে থাকে। অস্ট্রেলিয়ার বিভিন্ন নাগরিক সংগঠন ও সামাজিক গোষ্ঠী ট্রাম্পের রাজনৈতিক অবস্থান, অভিবাসন নীতি এবং আন্তর্জাতিক ইস্যুতে বক্তব্যের সমালোচনা শুরু করে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রকল্প বাতিলের দাবিতে এক অনলাইন পিটিশনে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ স্বাক্ষর করেন।
ডেভিড ইয়ং এক বিবৃতিতে বলেন, এটি ব্যক্তিগত বিরোধ নয়, বরং পুরোপুরি ব্যবসায়িক সিদ্ধান্ত। তার দাবি, আন্তর্জাতিক উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং রাজনৈতিক বিতর্কের কারণে ট্রাম্প ব্র্যান্ড এখন অস্ট্রেলিয়ার বাজারে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যদিও তিনি জানিয়েছেন, ভবন নির্মাণ পরিকল্পনা পুরোপুরি বন্ধ হচ্ছে না; কেবল ট্রাম্পের নাম সরিয়ে অন্য ব্র্যান্ডে প্রকল্পটি এগিয়ে নেওয়ার চিন্তা করা হচ্ছে।
অন্যদিকে ট্রাম্প অর্গানাইজেশন পাল্টা অভিযোগ করেছে, আলটাস চুক্তির গুরুত্বপূর্ণ আর্থিক শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, কয়েক মাস আলোচনা চললেও ডেভেলপার পক্ষ প্রয়োজনীয় আর্থিক নিশ্চয়তা দিতে পারেনি।
গোল্ড কোস্টের মেয়র টম জানিয়েছেন, প্রকল্পটির জন্য সিটি কাউন্সিলের কাছে আনুষ্ঠানিক কোনো আবেদন জমা পড়েনি। তার মতে, এটি মূলত দুই বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যকার ব্যবসায়িক চুক্তি ছিল। তিনি আরও ইঙ্গিত দেন, রাজনৈতিক বিতর্কের পাশাপাশি আর্থিক অনিশ্চয়তাও প্রকল্প বাতিলের বড় কারণ হতে পারে।
গ্রিফিথ ইউনিভার্সিটির পরিকল্পনা বিভাগের ইমেরিটাস অধ্যাপক পল বার্টন বলেন, গোল্ড কোস্টে এর আগেও একাধিক বড় টাওয়ার প্রকল্প অনুমোদন ও অর্থায়নের অভাবে থেমে গেছে। তার মতে, আধুনিক প্রযুক্তিতে আকর্ষণীয় নকশা তৈরি করা সহজ হলেও বাস্তব নির্মাণের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন ও আর্থিক বিশ্বাসযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকল্পটি ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিককে সামনে রেখে নতুন পর্যটন আকর্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে রাজনৈতিক বিতর্ক, জনমতের চাপ এবং আর্থিক জটিলতার কারণে শেষ পর্যন্ত পরিকল্পনাটি আলোর মুখ দেখল না।
আর/

