আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ব্যর্থতার অভিযোগ আদিবের

খুন, ছিনতাই, চাঁদাবাজি ও শিশু মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ; স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

by ABDUR RAHMAN
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ব্যর্থতার অভিযোগ আদিবের

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেছেন, নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।

বিজ্ঞাপন
banner

বুধবার (১৩ মে) রাজধানীর ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে আয়োজিত ‘শিশুর জীবন ও নিরাপত্তায় নাগরিক মানববন্ধন’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। কর্মসূচিটির আয়োজন করে এনসিপির তেজগাঁও জোন ও ঢাকা মহানগর উত্তর শাখা।

আদিব অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে গাজীপুর-এ পাঁচজন নিহত হওয়ার ঘটনা এবং রাজধানীর মোহাম্মদপুর-সহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

মানববন্ধনে শিশু মৃত্যুর ক্রমবর্ধমান হার ও টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। আদিব বলেন, শিশু মৃত্যুর বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহিতার আওতায় এনে বিভাগীয় তদন্তের দাবি জানান।

এসময় সীমান্ত হত্যা প্রসঙ্গেও কথা বলেন তিনি। বাংলাদেশি নাগরিকদের সীমান্তে হত্যার ঘটনা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির এই নেতা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। তিনি বলেন, শিশুদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জাতির জন্য উদ্বেগজনক সংকেত। দ্রুত স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

মানববন্ধনে জাতীয় যুব শক্তির যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদ, ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গুম প্রতিরোধ কমিশনের প্রতিনিধি মোহাম্মদ কাইয়ুমসহ অন্যরাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ