অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ঢাকার লালবাগ এলাকায় দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। সাবেক সংসদ সদস্য হাজী সেলিম–এর মালিকানাধীন মদিনা গ্রুপের নির্মিত একটি অবৈধ স্থাপনা বুধবার উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, লালবাগ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমি প্রায় দুই দশকের বেশি সময় ধরে দখল করে সেখানে স্থাপনা নির্মাণ ও ব্যবহার করা হচ্ছিল। আদালতের সাম্প্রতিক নির্দেশনার পর প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমির দখল পুনরুদ্ধার করে।
বুধবার (১৩ মে) ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম–এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
জানা গেছে, উচ্ছেদ মোকদ্দমা নম্বর ৭৭/২০২৫–এর ভিত্তিতে গত ১৩ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) জমির দখল পুনরুদ্ধারের উদ্যোগ নেন। পরে দখলদার পক্ষ উচ্চ আদালতে ৪৭৩৪/২০২৬ নম্বর রিট দায়ের করে স্থগিতাদেশ নেয়।

পরবর্তীতে সরকারপক্ষ সিভিল বিবিধ মামলা (২৯৩/২০২৬) দায়ের করলে গত ১২ মে চেম্বার জজ আদালত পূর্বের স্থগিতাদেশ স্থগিত করেন। আদালতের সেই আদেশের পরই প্রশাসন মাঠে নামে এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলে।
অভিযান শেষে জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, সরকারি জমি দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশনা মেনে প্রশাসন সরকারি সম্পত্তি উদ্ধার করেছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে এসব জমি দখল করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। দীর্ঘদিন ধরে দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দাদের মতে, প্রভাবশালীদের দখলে থাকা সরকারি জমি উদ্ধারে এমন উদ্যোগ খুব কমই দেখা যায়। প্রশাসনের এই পদক্ষেপ সরকারি সম্পত্তি রক্ষায় কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন তারা।
সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরকারি জমি উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের তৎপরতা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, নগর ব্যবস্থাপনা ও সরকারি সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত হলে অবৈধ দখল কমে আসবে।
আর/

