অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, শ্রমিকদের রক্তের ওপর ভর করে গঠিত বর্তমান সরকার এক মাসের মধ্যেই নতুন বাংলাদেশের সঙ্গে বেইমানি করেছে। তিনি বলেন, সরকার গণভোটের গণরায় উপেক্ষা করে গণবিরোধী অবস্থান নিয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, দেশের ইতিহাসে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে শ্রমজীবী মানুষের অবদান সবচেয়ে বেশি।
নাহিদ ইসলাম বলেন, ১৯৪৭ সালের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানগুলোতে শ্রমিকরাই বেশি জীবন দিয়েছেন। অথচ সেই শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে পরিণত করা এবং সংস্কার বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রক্ষা করা হয়নি। মানবাধিকার, পুলিশ সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি।
বিএনপিকে ‘রাবণ’-এর সঙ্গে তুলনা করে নাহিদ ইসলাম বলেন, “যে যায় লঙ্কায়, সে-ই হয় রাবণ। ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গেছে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিশ্রুতি ভঙ্গকারীদের পরিণতি ভালো হয় না এবং সরকারকেও তার পরিণতি ভোগ করতে হতে পারে।
তিনি জানান, শুধু সংসদে নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গণভোট, জুলাই সনদ, শ্রমিক অধিকারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন জোরদার করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
আর/

