অনলাইন ডেস্ক : হুদহুদ নিউজ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সময়কার সংস্কার ধরে রাখতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) পবিত্র ওমরাহ পালন শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি সংস্কারবিরোধী দল, জনগণের রক্তের বিনিময়ে অর্জিত ক্ষমতা প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে সেই সময়কার অর্জিত সংস্কার ধরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে মাঠে নামতে হবে। তিনি ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের এ বিষয়ে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
অধ্যাদেশ বাতিলের সমালোচনা করে তিনি বলেন, ড. ইউনূস, আসিফ নজরুলসহ সংশ্লিষ্টরা এসব অধ্যাদেশ প্রণয়ন করেছিলেন। এখন সেগুলো বাতিল হলেও তারা নীরব থাকতে পারেন না। তাদের অবস্থান স্পষ্ট করা উচিত এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
রাজপথে আন্দোলনের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংসদে সমাধানের চেষ্টা করা হলেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এখন আন্দোলনের পথ বেছে নিতে হচ্ছে। তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার দাবি জানান।
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে উপেক্ষা করছে। গুম প্রতিকার, মানবাধিকার কমিশন ও বিচারপতি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের চেষ্টা করা হচ্ছে, যা ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক প্রবণতা বাড়াতে পারে।
তিনি আরও বলেন, বিএনপির অনেক নেতাই অতীতে গুমের শিকার হয়েছেন, অথচ সেই গুম-সংক্রান্ত অধ্যাদেশও বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব অধ্যাদেশ আইনে পরিণত না হলে দলটি কলঙ্কমুক্ত হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপি দীর্ঘদিন নির্যাতনের শিকার হলেও জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। বর্তমানে ক্ষমতায় এসে তাদের প্রকৃত অবস্থান প্রকাশ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আর/

