সৌদি আরবের মদিনা ইসলামি ইউনিভার্সিটিতে চলমান সপ্তাহব্যাপী আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যাল পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
গতকাল সোমবার (৩০ মার্চ) তিনি ফেস্টিভ্যাল প্রাঙ্গণ পরিদর্শনে যান এবং বিশেষভাবে বাংলাদেশ স্টল পরিদর্শন করেন।
‘সংস্কৃতি ও জনপদ উৎসব’ শীর্ষক এই বর্ণাঢ্য আয়োজনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজ নিজ দেশের সংস্কৃতি উপস্থাপন করছেন। বৈচিত্র্যময় এ আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসিত হচ্ছে।
ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বাংলাদেশের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উপস্থাপন করেন। তাদের সৃজনশীল ও নান্দনিক পরিবেশনা উপস্থিত দর্শনার্থীদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
বাংলাদেশ স্টল পরিদর্শনকালে মামুনুল হক বলেন, “এটি একটি অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয় আয়োজন। বিভিন্ন দেশ ও জাতির মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য এটি একটি সুন্দর উদ্যোগ।”
তিনি অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা দক্ষতার সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন বিশ্বদরবারে তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, “এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বিশ্ব মুসলিম উম্মাহসহ বিভিন্ন জাতির মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংস্কৃতিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আর/

