নুর আলম সিদ্দিকী | ঢাকা
মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসক।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মাজার প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম অনুষ্ঠানের মূল নেতৃত্বে ছিলেন। তাঁর উপস্থিতিতে নবনিযুক্ত জেলা প্রশাসকরা সম্মিলিতভাবে দুই নেতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, “নতুন জেলা প্রশাসকরা স্থানীয় সরকার ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ও দৃষ্টিভঙ্গি আমাদের এই প্রচেষ্টাকে আরও সঠিক দিকনির্দেশনা দেবে।”
তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় সরকার প্রশাসনের দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য নবনিযুক্ত জেলা প্রশাসকরা সক্রিয় ভূমিকা পালন করবেন।
নবনিযুক্ত প্রশাসকরা অনুষ্ঠান শেষে সামাজিক দায়িত্ব ও নীতি-নৈতিকতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দেশের উন্নয়নে নিজেদের অবদান রাখার দৃঢ় সংকল্প প্রকাশ করেন।

