জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ‘ডিপ স্টেট’ নিয়ে সাম্প্রতিক এক বক্তব্যে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।
তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার শুরুর দিকে কিছু প্রভাবশালী গোষ্ঠী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল।
ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, এসব গোষ্ঠী—যাদের তিনি ‘ডিপ স্টেট’ হিসেবে উল্লেখ করেছেন—সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে নির্দিষ্ট কিছু শর্ত পূরণের প্রস্তাব দেয়। এমনকি তারা একটি রোডম্যাপও তৈরি করে দিয়েছিল বলে জানান তিনি।
আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবের অংশ হিসেবে বিরোধী রাজনৈতিক নেতাদের মামলাগুলো দীর্ঘায়িত করা এবং আদালতের প্রক্রিয়া ব্যবহার করে তাদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানোর কৌশলও ছিল। পাশাপাশি পূর্ববর্তী সরকারের বিভিন্ন কার্যক্রমকে বৈধতা দেওয়ার বিষয়টিও আলোচনায় ছিল বলে দাবি করেন তিনি।
তবে তিনি স্পষ্ট করে বলেন, অন্তর্বর্তী সরকার এসব প্রস্তাবে সাড়া দেয়নি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয়। নির্বাচনকে প্রশ্নমুক্ত রাখতে সরকার নিজ থেকেই পদত্যাগ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ‘ডিপ স্টেট’ বলতে সাধারণত এমন এক গোপন প্রভাবশালী নেটওয়ার্ককে বোঝানো হয়, যা রাষ্ট্রের ভেতরে বা বাইরে থেকে নীতিনির্ধারণে প্রভাব বিস্তার করতে পারে। যদিও এই ধারণা নিয়ে বিতর্ক রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আর/

