জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, তেল সংকটের পেছনে মজুত সিন্ডিকেট কাজ করছে এবং এর সঙ্গে সরকারের ঘনিষ্ঠদের সংশ্লিষ্টতা থাকতে পারে। তিনি বলেন, বড় বড় কোম্পানি তেল মজুত করলেও সরকার এ বিষয়ে কোনো কার্যকর অভিযান পরিচালনা করেনি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ জানান, অন্তর্বর্তী সরকারের পারচেজিং কমিটিতে থাকার অভিজ্ঞতা থেকে তিনি জানেন, দেশে অন্তত দুই মাসের তেল মজুত থাকার কথা। কিন্তু এক মাসের মধ্যেই সংকট তৈরি হওয়া অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগের মাধ্যমে বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরাই যদি নির্বাচনে অংশ নেন, তাহলে নির্বাচনের সমতা নষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।
গুমসংক্রান্ত অধ্যাদেশে সংশোধনী আনার বিএনপির প্রস্তাবের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, এ ধরনের প্রস্তাব তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। একই সঙ্গে তিনি সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, তা না হলে জনগণের কাতারে গিয়ে আন্দোলনের পথে হাঁটতে হবে।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও বিএনপির সমালোচনা করে বলেন, রাজনৈতিক পরিবর্তনের প্রতিটি ধাপে বিএনপি সুবিধা পেলেও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
আর/

