অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
টুপি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতীক নয়, বরং এটি মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, বাংলার মুসলিম সমাজে ঈদ কিংবা জুমার নামাজের আগে অনেকের টুপি খোঁজার দৃশ্য নতুন কিছু নয়। এটি দীর্ঘদিনের সামাজিক বাস্তবতা বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, যুগ যুগ ধরে আলেম-উলামারা মানুষকে টুপি পরিয়ে ও আতর লাগিয়ে নামাজে দাঁড় করিয়েছেন। তাই টুপি পরা নিয়ে অযথা সমালোচনা বা বিদ্রূপ করা ঠিক নয় বলে মত দেন তিনি।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এনসিপির এই নেতা জানান, মাদরাসায় অধ্যয়নকালে ঘুম ও গোসল ছাড়া প্রায় সবসময়ই তিনি টুপি পরে থাকতেন।
পোস্টে ঐতিহাসিক ও রাজনৈতিক বিভিন্ন উদাহরণও উল্লেখ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ বহু রাজনীতিবিদ টুপি পরেছেন। আবার সাধারণ মানুষও বিভিন্ন সময়ে রাজনীতিবিদদের টুপি পরিয়ে দিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, তার সাবেক রাজনৈতিক সহযোদ্ধা জুনায়েদ সাকীকেও নির্বাচনের আগে ব্রাহ্মণবাড়িয়ায় একটি মসজিদে টুপি পরিয়ে দেওয়া হয়েছিল।
তবে পোস্টের শেষাংশে নির্বাচনকে সামনে রেখে কিছু মানুষের আচরণ নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, নির্বাচন এলেই হঠাৎ ক্যামেরাসহ টুপি পরে ঈদ ও জুমার নামাজে হাজির হওয়া ব্যক্তিদের সন্দেহের বাইরে রাখাও ঠিক নয়।
আর/

