রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে পরিচালিত দোকান, শোরুম, রেস্তোরাঁ ও ওয়ার্কশপের বর্ধিতাংশ অনতিবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেদের কার্যক্রম দোকানের বাইরে ফুটপাত ও সড়কের ওপর সম্প্রসারণ করে পরিচালনা করছে।
বিশেষ করে রেস্তোরাঁর রান্নার সরঞ্জাম, মোটর ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রাংশ, ওয়েল্ডিং ওয়ার্কশপের মালামাল এবং পোশাক ও আসবাবপত্রের দোকানের প্রদর্শন সামগ্রী ফুটপাত ও সড়কে রাখা হচ্ছে। অনেক ক্ষেত্রে গাড়ি মেরামতের কাজও সড়কের একাংশ দখল করে করা হচ্ছে।
এতে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বাধ্য হয়ে পথচারীরা সড়কে নামায় যানজটও বাড়ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডিএমপি জানিয়েছে, সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্ঠানকে অবিলম্বে ফুটপাত ও সড়ক থেকে মালামাল সরিয়ে নিতে হবে। অন্যথায় আগামী ১ এপ্রিল থেকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
আর/

