রাষ্ট্রীয় দায়িত্ব ও দলীয় কার্যক্রমের মধ্যে ভারসাম্য রক্ষার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে ২২ মার্চ জারি করা এক অফিস আদেশে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দলীয় কার্যক্রম সচল রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
একই আদেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করে বলেন, সংসদ ও মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে মনোযোগ দিতেই মীর শাহে আলম এই পদত্যাগ করেছেন।
আর/

