জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের আওতায় আনার আহ্বানও জানান তিনি।
শুক্রবার (১৩ মার্চ) ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে।”
তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাইয়ের গণহত্যার সময় রাষ্ট্রপতি নির্বিকার ভূমিকা পালন করেছেন।
সংসদে যাওয়ার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “সংসদকে সম্মান জানিয়ে এবং অনেক ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ থাকা সত্ত্বেও আমরা সংসদে গিয়েছিলাম। কারণ এত কারচুপির পরও জনগণ আমাদের এবং ১১ দলীয় জোটের অনেককে নির্বাচিত করেছেন সংসদের কার্যক্রম বাস্তবায়ন, উচ্চ কক্ষ গঠন এবং সংবিধান সংস্কারের জন্য।”
তিনি আরও বলেন, “আমরা বলেছিলাম, এ সংসদে কোনো ফ্যাসিবাদের দোসরকে চাই না। ফ্যাসিবাদমুক্ত জাতীয় সংসদ দেখতে চাই। কিন্তু দুঃখজনকভাবে সংসদ শুরু ভালো হলেও রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমরা স্পিকারকে বলেছিলাম এ বিষয়ে আমাদের বক্তব্য আছে, কিন্তু সে সুযোগ দেওয়া হয়নি।”
এর প্রতিবাদে এনসিপির সংসদ সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, “আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। কিন্তু ময়মনসিংহে বালু উত্তোলন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। শুকিয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদকে ঘিরেও অনেকে ব্যবসা করতে চায়।”
তিনি আরও বলেন, “এ শহরে প্রচণ্ড ট্রাফিক জ্যাম। এটি বিভাগীয় শহর হলেও গোছানো কিছু নেই। আমরা চাই যারা জনগণের সেবা করতে চায় তারা ময়মনসিংহকে দেশের সবচেয়ে সুন্দর বিভাগীয় শহরে পরিণত করুক।”
এ সময় অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের জন্য দোয়া কামনাও করেন তিনি।
ইফতার মাহফিলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, বিভাগীয় সদস্য সচিব ইকরাম এলাহী খানসহ এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আর/

