জাতীয় নির্বাচনের মাধ্যমে আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে: সারজিস আলম

সংসদে এনসিপির ৬ সদস্য জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে, নেতা–কর্মীদের স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ

by ABDUR RAHMAN

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ বিজয়ের ফলাফল কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এই দায় যেমন আমরা তাদের দেব, তেমনি আমরা আমাদের ভোট গণনার সময় তা রক্ষা করতে পারিনি—এই দায়ও আমরা এড়াতে পারি না।”

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে এনসিপি পঞ্চগড় জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় আসন্ন স্থানীয় নির্বাচন সামনে রেখে দলীয় নেতা–কর্মীদের ভোট রক্ষায় সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
banner

সারজিস আলম বলেন, কোনো কেন্দ্রে যদি তাদের ১০ জন ভোটার থাকে, তবে সেই ১০টি ভোটও রক্ষা করতে হবে। আবার কোনো কেন্দ্রে ১০০ জনের মধ্যে ৯০টি ভোট তাদের হলে সেই ভোটও সঠিকভাবে গণনা নিশ্চিত করতে হবে। তার অভিযোগ, জাতীয় নির্বাচনে ভোট গণনায় প্রভাব খাটিয়ে তাদের গুরুত্বপূর্ণ বিজয়ের ফলাফল কেড়ে নেওয়া হয়েছে। তাই স্থানীয় নির্বাচনে যেন একই সুযোগ আর কেউ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জনগণ অনেক আশা ও পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তাদের ভোট দেয়, যা একটি আমানত। “রক্তের বিনিময়ে হোক, জীবনের বিনিময়ে হোক—এই ভোটের আমানত আমাদের রক্ষা করতে হবে,” বলেন তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, জনগণ সত্যিকার অর্থেই পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের লড়াই রাজপথ থেকেই নেতৃত্ব দিতে হবে।

এ সময় সারজিস আলম বলেন, সংসদে এনসিপির ছয়জন সদস্য জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। তিনি বলেন, সত্য, ন্যায় ও ইনসাফের পথে এই ছয়জন সদস্য দেশের বাকি ২৯৪ আসনের মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে। প্রথম অধিবেশনেই তারা দেখিয়েছে, সংসদকে কলুষিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে বিরোধী দলীয় ঐক্যজোট ও এনসিপির সদস্যরা দৃঢ় অবস্থান নিয়েছে।

দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, শুধুমাত্র একটি দল করা বা নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার কারণে যদি কারও ওপর হামলা বা হুমকি আসে, তা প্রতিহত করা হবে। একই সঙ্গে তিনি বলেন, কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা অন্য কোনো অন্যায় করলে জনগণ যেন তা স্পষ্টভাবে তুলে ধরে। স্থানীয় নির্বাচন সামনে রেখে তিনি নেতা–কর্মীদের মধ্য থেকেই মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ