বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার শুরু হয়েছে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এর আগে সকালে তার সিটি স্ক্যান করা হয়। সেই রিপোর্টে অবস্থার অবনতি ধরা পড়লে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মেডিকেল বোর্ডে দেশের খ্যাতনামা নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা যুক্ত আছেন।
এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে এসে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হয়।
উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
আর/

