রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) ভেঙে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে যাচ্ছে।
আগামী শনিবার (১৪ মার্চ) ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে। তবে উদ্যোক্তারা জানিয়েছেন, নতুন দলের পূর্ণাঙ্গ আত্মপ্রকাশ হতে আরও কিছু সময় লাগতে পারে।
উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দলটির বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ সময় দলের নাম, মুখপাত্র এবং তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়ন এবং ধর্মীয় মূল্যবোধের সুরক্ষাসহ মোট ১২ দফা কর্মসূচি তুলে ধরা হবে বলেও জানা গেছে।
নতুন দলের উদ্যোক্তা এবং আপ বাংলাদেশের সাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ এ বিষয়ে বলেন, “ঈদের পর দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। দুই সপ্তাহের মধ্যে আত্মপ্রকাশ অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছি আমরা। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই এগিয়ে যাবো আমরা।”
তিনি আরও জানান, শনিবারের সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দলের কাঠামো, লক্ষ্য ও কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
আর/

