চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় জামায়াত নেতার মৃত্যু, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতে ইসলামীর

হাসাদহ বাজারে হামলার ঘটনায় ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকায় মৃত্যু; হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জামায়াতের

by ABDUR RAHMAN

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মফিজুর রহমান মারা গেছেন। তার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি জীবননগর উপজেলার হাসাদহ বাজারে পূর্বপরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে বলা হয়, হামলার সময় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জামায়াত কর্মী হাফিজুর রহমানকে হত্যা করা হয় এবং তার ভাই বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক রাজনীতির জন্য মারাত্মক হুমকি। তিনি এই নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

তিনি আরও বলেন, দেশে আইনের শাসন ও নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অন্যথায় অপরাধীরা আরও উৎসাহিত হয়ে হত্যা, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। একই সঙ্গে তিনি নিহত মফিজুর রহমানের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ