ডা. শফিকুর রহমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আরও জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “জনগণের জানমাল রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।” শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেন নিজ নিজ এলাকার উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জনগণের সহযোগিতা কামনা করেন এবং চলমান বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, নায়েবে আমির আবদুর রহমান মুসাসহ সংশ্লিষ্ট আসনের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
ঢাকা-১৪ ও ঢাকা-১৬ নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কিশোর গ্যাং প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয় বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিক তুলে ধরেন।
আর/

