সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যালয় খোলার প্রসঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে তিনি বলেন, “আমরা এটা চাইনি। আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ। তাদের অফিস খোলার কথা নয়। বিষয়টি আইনিভাবে দেখা হবে।”
গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার কথাও স্মরণ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার এবং অল্প সময়ের মধ্যেই তারা জনগণের আস্থা অর্জন করেছে।” তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “নিয়মনীতি অনুসরণ করেই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।”
সংরক্ষিত নারী আসন নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব জানান, সংসদ অধিবেশন বসার পর এ বিষয়ে কাজ শুরু হবে এবং দলের সঙ্গে সম্পৃক্ত ও ভূমিকা রাখা ব্যক্তিদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এই প্রথম কোনো মন্ত্রী বা জ্যেষ্ঠ নেতা হিসেবে নয়াপল্টন কার্যালয়ে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আর/

