ভালুকায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়ন কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন ও দলের শীর্ষ নেতাদের ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় নেতারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, উপজেলা সদরসহ অন্যান্য ইউনিয়নের কার্যালয় খোলার প্রক্রিয়াও চলছে।
স্থানীয় সূত্র জানায়, জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরই ভালুকার ওই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা খুলে কার্যালয়ে ঢুকে দলীয় শীর্ষ নেতাদের ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর কোনো বাধা ছাড়াই স্থানীয় নেতাকর্মীরা কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন ও জয় বাংলা স্লোগান দিয়েছেন।”
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা জানিয়েছেন, জাতীয় নির্বাচনে তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছেন এবং ভোট দিয়েছেন। বিএনপির সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে। কার্যালয় খোলার পর তারা কোনো বাধার সম্মুখীন হননি। খুব শিগগিরই উপজেলা সদর ও ইউনিয়নের কার্যালয় উন্নয়নকাজ শেষে দলীয় কার্যক্রম পুনরায় চালু করা হবে।
পুলিশ জানিয়েছে, ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর তারা ঘটনাস্থলে গেলে কার্যালয় তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আর/

