ধানের শীষ-ঘোড়া সমর্থকদের সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু

by ABDUR RAHMAN

বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন
banner

এর আগে শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পার নোয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে।

নিহতের বড় ভাই এনামুল কবির সরদার অভিযোগ করেছেন, এলাকায় ধানের শীষের সমর্থকরা ঘোড়া প্রতীকের সমর্থকদের খুঁজছিল। এ সময় কথাকাটাকাটির একপর্যায় তার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা খুলনায় পাঠান। পরে শনিবার বেলা সাড়ে ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, ওসমান সরদারের মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘটনার স্থানে পুলিশ পাঠানো হয়েছে এবং সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ