এগিয়ে থেকেও ফল নয়, কার স্বার্থে বিলম্ব?

by ABDUR RAHMAN

বেশ কিছু আসনে ভোট গণনা শেষ হলেও ফলাফল ঘোষণা ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের কাছে প্রার্থীদের সই করা ফলাফলের শিট রয়েছে। সেখানে আমরা এগিয়ে আছি দেখা যাচ্ছে। কিন্তু স্থানীয়ভাবে নানা অজুহাতে ফল ঘোষণা করা হচ্ছে না। বলা হচ্ছে পোস্টাল ব্যালট মিলিয়ে দেখতে হবে, এটা আছে-ওটা আছে। আমরা পরিষ্কার বার্তা চাই—আমাদের অবস্থান কী, তা স্পষ্টভাবে জানানো হোক।”

কতটি আসনে দল বিজয়ী হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এর সঠিক সংখ্যা এখন বলা সম্ভব নয়। কারণ কয়েকটি আসনের ফলাফল এখনো ঝুলিয়ে রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, সরকার ১৩ তারিখের মধ্যে ফলাফল প্রকাশের আশ্বাস দিয়েছে। “আমরা অপেক্ষা করছি। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ হলে ভালো। না হলে সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব। তবে কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে। যেমন, ঢাকা-৮ আসনের ফল এখনো ঝুলে থাকা সুস্থ রাজনীতির লক্ষণ নয়,” বলেন তিনি।

গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে দাবি করে জামায়াত আমির দেশবাসীকে ধন্যবাদ জানান। যদিও তিনি বলেন, চূড়ান্ত সরকারি ঘোষণা এখনো হয়নি এবং শেষ পর্যন্ত কী হয়, তা দেখার অপেক্ষায় আছেন।

তিনি বলেন, “নির্বাচনে কেউ জিতবে, কেউ হারবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না। ইতিবাচক ও কল্যাণধর্মী রাজনীতি করতে চাই। ভালো কাজে সহযোগিতা করব, মন্দ কাজে বিরোধিতা বা সহযোগিতা থেকে বিরত থাকব।”

ডা. শফিকুর রহমান জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগ তারা সংগ্রহ করছেন এবং পর্যালোচনা শেষে জাতির সামনে উপস্থাপন করবেন। “ছোটখাটো বিষয় নিয়ে টানাটানি করব না। পুরোনো রাজনীতিতে ফিরে যেতে চাই না,” বলেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ