ভোটারদের হুমকি: বিএনপি থেকে বহিষ্কৃত মঞ্জুরুল আহসান মুন্সী

by ABDUR RAHMAN

দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে ঋণখেলাপির দায়ে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে নির্বাচনি সভায় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে।

গত সোমবার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি বলেন, “যদি বিএনপি ক্ষমতায় আসে আর আপনারা অন্য দলকে ভোট দেন, তাহলে আমি আপনাদের ছাড়বো না। ঘরবাড়ি সব পুড়িয়ে ছারখার করে দেবো।”

এ সময় তিনি আরও বলেন, “আপনারা ভাববেন না আমি ভয় দেখাচ্ছি। প্রয়োজনে আপনারা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই।”

তিনি দাবি করেন, অতীতে তিনি কখনো ভোটারদের দ্বারা অপমানিত হননি এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তবে এবার অপমানিত হলে প্রতিশোধ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আমাকে খারাপ হতে বাধ্য করবেন না। আমি যদি খারাপ হই, তাহলে খারাপের খারাপ হবো।”

এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিএনপি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ